
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হতে চলেছেন আরেক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। একই সাথে ফারহানের ছোট ভাই রায়ান আলী ওয়াহিদও যুক্ত হচ্ছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলে।
মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই মেগা নিউজটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সহ-সভাপতি ফাহাদ করিম।
ওয়াহিদ ব্রাদার্সের দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ১৮ বছর বয়সী ফারহান আলীকে নিয়েই এখন দেশের ফুটবল অঙ্গনে জোর আলোচনা। তিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে উইঙ্গার হিসেবে খেলছেন। ইংল্যান্ডের যুব ফুটবলে তার পারফরম্যান্স বেশ নজরকাড়া। প্রিমিয়ার লিগ-২ তে মৌসুমের সেরা খেলোয়াড়ের তালিকায় নাম থাকার পাশাপাশি গত নভেম্বরে তিনি ফুলহামের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য, ফারহানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল বিখ্যাত চেলসি যুব একাডেমি থেকে।
ইংল্যান্ড প্রবাসী এই দুই প্রতিভাকে লাল-সবুজ দলে যুক্ত করার নেপথ্যের গল্প তুলে ধরে ফাহাদ করিম জানান, গত মাসে যুক্তরাজ্যভিত্তিক একজন ফুটবল এজেন্ট অ্যাডাম রবার্টস বাফুফেকে ইমেইলের মাধ্যমে জানান যে তিনি ফারহানের প্রতিনিধিত্ব করছেন এবং ফারহান বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। ইমেইলটি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পৌঁছানোর পর তিনি দ্রুত কারিগরি দল ও ফাহাদ করিমকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। পরবর্তীতে এজেন্টের সঙ্গে জুমে সফল বৈঠকের পর ফারহানের বাবা তার দুই ছেলেকে বাংলাদেশের জার্সিতে খেলার আনুষ্ঠানিক অনুমতি দেন।
বাফুফে সহ-সভাপতি জানান, আগামী জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফারহান ও রায়ানের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় আইনি কাগজপত্র প্রস্তুত হয়ে যাবে। ফারহানকে মূলত আগামী সেপ্টেম্বর উইন্ডো এবং নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা মাথায় রেখে দলে ভেড়ানোর চেষ্টা চলছে।
ফাহাদ করিম বলেন, “সেপ্টেম্বর উইন্ডোতে আমরা বাংলাদেশে যে টুর্নামেন্ট করার চিন্তা করছি বা বাইরে খেলতে যাব, সেখানে অবশ্যই আমরা ফারহানকে স্বাগতম জানানোর জন্য মুখিয়ে আছি। তবে সবচেয়ে বড় লক্ষ্য হলো নভেম্বরের সাফ; সেখানে আমরা তাকে স্কোয়াডে পেতে শতভাগ তোড়জোড় চালাচ্ছি।”
ফারহানের ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বর্তমানে ইংল্যান্ডের ওকিং এফসিতে খেলছেন। এর আগে ইংল্যান্ডের গ্রাসরুট লিগে অ্যাশফোর্ড এফসিকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান রেখেছিলেন এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। ডান পায়ের এই উইঙ্গার কাম মিডফিল্ডারকে নিয়ে বাফুফে কর্মকর্তা জানান, রায়ানের বয়স খুবই কম এবং তার প্রতিভা দারুণ। সে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-২০ দলের জন্য একটি শক্তিশালী ও দুর্দান্ত সংযোজন হতে যাচ্ছে।
হামজা চৌধুরীর পর ফারহানের মতো প্রিমিয়ার লিগের একাডেমিতে বেড়ে ওঠা ফুটবলারদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের শক্তি ও সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন দেশের ফুটবল বিশ্লেষকরা।