
হরমুজ প্রণালিতে ভূগর্ভস্থ সামুদ্রিক মাইন মোতায়েন ঠেকাতে ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গত জুলাইয়ের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিতে দুই সপ্তাহের মার্কিন সামরিক অভিযান স্থগিত করার পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা হরমুজ প্রণালিতে মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের লারাক দ্বীপে থাকা দুটি লঞ্চারে হামলা চালায়। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন হামলায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রোববার রাতে দেওয়া বিবৃতিতে সেন্টকম এই হামলাকে মাইন স্থাপনকারী বাহিনীর বিরুদ্ধে ‘সীমিত ও নিখুঁত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে। তাদের দাবি, ওই বাহিনী হরমুজ প্রণালিতে ‘আসন্ন হুমকি’ তৈরি করেছিল।
সেন্টকম বলেছে, এই হুমকি ইরানই তৈরি করেছিল এবং বেসামরিক নাবিক, বাণিজ্যিক জাহাজ ও বিশ্ব বাণিজ্যের অবাধ প্রবাহ সুরক্ষায় মার্কিন সামরিক বাহিনী তা নির্মূল করেছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, মার্কিন বাহিনী ওই এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মুক্ত বাণিজ্য নিশ্চিত রাখতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
এদিকে আইআরজিসি এক বিবৃতিতে মার্কিন হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন আক্রমণের প্রতিশোধ নেবে ইরানের সন্তানরা এবং এর ফলে আগ্রাসনকারীকে শাস্তি ভোগ করতে হবে।
এর আগে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির প্রধান শিপিং লেন থেকে সব মাইন অপসারণের কাজ শেষ করে। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, নতুন করে মাইন স্থাপনকারী কোনো জাহাজ বা নৌযানকে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে ধ্বংস করা হবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, মাইন স্থাপনের বিষয়ে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে কার্যকর রয়েছে।
অন্যদিকে, এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও সেগুলোর কোনোটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানেনি। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশেই ধ্বংস করা হয়েছে।