
দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে বাজুস। ঘোষিত মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে খাঁটি স্বর্ণ ও রুপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২৬০ টাকা।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। রুপার অলংকারের ভ্যাটের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে সর্বশেষ ১১ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ দুই দিনের ব্যবধানেই আবারও স্বর্ণের দাম বাড়ল।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ৫ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।