
রাজধানীর চকবাজারের লালবাগ পোস্তা পুলিশ ফাঁড়ির গলিতে স্ত্রীর বিচ্ছেদ চাওয়াকে কেন্দ্র করে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহাদত (৩২) নামে এক যুবক। শরীরের ৯৭ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ শাহাদতকে উদ্ধার করে দুই ব্যক্তি হাসপাতালে নিয়ে যান। পরে ওষুধ কেনার কথা বলে তাঁরা বাইরে বেরিয়ে যান। তবে এরপর আর হাসপাতালে ফিরে আসেননি তাঁরা। হাসপাতালের পুলিশ ক্যাম্প ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন।
শাহাদত চিকিৎসকদের জানিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর স্ত্রী জেসমিন বেগম তাঁকে তালাক দিতে চেয়েছেন। এ কারণে তিনি নিজেই নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, শাহাদাতের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, দগ্ধ যুবক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট চকবাজার থানাকে অবহিত করা হয়েছে।