
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের সম্পর্ক যখন সবে গড়ে উঠছিল, তখনই তাদের প্রেমের আভাস পেয়ে গিয়েছিলেন বলিউড তারকা সালমান খান। শুধু সম্পর্কের বিষয়টি বুঝেই থেমে থাকেননি, ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হলে কী হতে পারে, সে নিয়েও মজার এক মন্তব্য করেছিলেন তিনি। সম্প্রতি এক চ্যাট শোতে সেই ঘটনার কথাই প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।
বলিউডের এই জুটির সাত বছরের গোপন প্রেমের সূচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সালমান খানের। তার আয়োজন করা একটি পার্টিতেই প্রথম পরিচয় হয় সোনাক্ষী ও জাহিরের। যদিও তারা দীর্ঘদিন নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন, সালমান শুরু থেকেই বিষয়টি বুঝতে পেরেছিলেন।
সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে প্রেমের শুরুর দিনের নানা স্মৃতি ভাগ করে নেন সোনাক্ষী ও জাহির। তারা জানান, সম্পর্কের কথা বারবার অস্বীকার করলেও সালমান তাদের আচরণ দেখে সবই বুঝে নিয়েছিলেন।
স্মৃতিচারণ করে সোনাক্ষী সিনহা বলেন, ‘আমাদের মধ্যে যে বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন। উনি সবই দেখেছিলেন। যখনই আমাকে জিজ্ঞেস করতেন, আমরা বলতাম, ‘আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই।’ এক দিন তিনি বললেন, ‘দেখো, এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দু’জনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না।’ কথাটা শুনে আমরা দু’জনেই অবাক হয়ে গিয়েছিলাম। কারণ, তিনি সব বুঝে ফেলেছিলেন।’
সোনাক্ষী আরও জানান, পরে একবার ট্রেকিংয়ে গিয়ে সালমান আলাদা করে জাহিরকে ডেকে একই ইঙ্গিত দেন। সে সময় তিনি জাহিরকে বলেন, ‘সবই কিন্তু বোঝা যাচ্ছে।’ সেই মন্তব্যের পরই তারা নিশ্চিত হন, তাদের সম্পর্কের বিষয়টি সালমানের নজর এড়ায়নি।
উল্লেখ্য, প্রায় সাত বছর নিজেদের প্রেমের সম্পর্ক গোপন রাখার পর সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুনে বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।