
আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের পর্যটন মাস্টারপ্ল্যান জমা দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে জেলার উপকূলীয় এলাকাগুলোতে সমন্বিত পর্যটন উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপে নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। দ্বীপ দুটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার জেলার পর্যটন খাতসহ ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ পর্যটন মাস্টারপ্ল্যান তৈরির কাজ করছে। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারাও যুক্ত রয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে পরিকল্পনাটি জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।
তিনি জানান, সমুদ্রসৈকত থেকে ৩০০ মিটার পর্যন্ত নির্মাণ নিষিদ্ধ করে গণপূর্ত মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত নির্মাণসংক্রান্ত বিধিনিষেধও বাতিল করা হবে। তাঁর মতে, মাস্টারপ্ল্যানের মাধ্যমে সবকিছু সমন্বিতভাবে নির্ধারণ করা হবে। এটি অনুমোদনের পর পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারের পাশাপাশি চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় অঞ্চলে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পর্যটন বিকাশের বিষয়টি মাস্টারপ্ল্যানে গুরুত্ব পাবে।
সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপ সম্পর্কে তিনি বলেন, সেখানে নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। দ্বীপ দুটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। পরিবেশের ক্ষতি না করে পার্ক কিংবা ইকো-ট্যুরিজমের সুযোগ রাখা যায় কি না, তা বিবেচনা করা হবে।
আগে নির্মিত স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যান তৈরির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্যমান স্থাপনা ভেঙে ফেলা যুক্তিসংগত হবে না। সেগুলোর ক্ষেত্রে কী ধরনের নির্দেশনা দেওয়া যায়, তা পর্যালোচনা করা হবে।
মহেশখালীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, সেখানে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাওয়ার হাব, বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল ঘিরে বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ কারণে মিডার সঙ্গে সমন্বয় করেই মাস্টারপ্ল্যান তৈরি করা হবে, যাতে উন্নয়নকাজে কোনো সমন্বয়হীনতা বা প্রকল্পের মধ্যে পুনরাবৃত্তি না ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। পরিবেশ অক্ষুণ্ন রেখে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি পর্যটক আনার লক্ষ্যেই সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।