
শ্রমিক নেতাদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী ১৯ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে বিভাগের চার জেলায় এই গণপরিবহন কর্মবিরতি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চাকা ঘুরবে না কোনো বাণিজ্যিক যানবাহনের।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির এক জরুরি বৈঠকে এই কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি সফল করতে বিভাগের সব স্তরের পরিবহন শ্রমিকদের একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছেন শীর্ষ নেতারা।
কদমতলীর ঘটনা ও 'মিথ্যা মামলার' অভিযোগ
পরিবহন শ্রমিক নেতাদের অভিযোগ, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী বাস টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সূত্র ধরে ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যৌথ সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শাহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার নামে "মিথ্যা মামলা" দায়ের করা হয়েছে।
জরুরি সভায় উপস্থিত নেতারা দাবি করেন, কদমতলীতে যখন ঘটনাটি ঘটছিল, তখন অভিযুক্ত নেতারা নাজিরবাজার এলাকায় শ্রমিক সংগঠনের একটি নির্বাচন পরিচালনা সংক্রান্ত সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে সেখানে গোলযোগের খবর পেয়ে তারা কদমতলী এলাকায় ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ভূমিকা পালন করেন। কিন্তু প্রকৃত সত্য আড়াল করে তাদের এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।
একই সঙ্গে ওই দিনের ঘটনায় নিহত ব্যক্তির মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান শ্রমিক নেতারা।
চার জেলার উপস্থিত নেতারা
ফেডারেশনের বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর সঞ্চালনায় এই জরুরি সভাটি অনুষ্ঠিত হয়। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্তরের পরিবহন শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত হয়ে আন্দোলনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।