
বলিউড অভিনেতা সালমান খানকে কাছ থেকে দেখে তার কাজের ধরন ও মানবিক আচরণে গভীরভাবে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ‘মাতৃভূমি’ ছবির শুটিং সেটে কাজ করতে গিয়ে সালমানের নিবেদন, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সাধারণ মানুষের প্রতি তার সহজ আচরণ নতুনভাবে নজর কাড়ে চিত্রাঙ্গদার।
চিত্রাঙ্গদা জানান, সালমান খানের কোনো নির্দিষ্ট ছুটির দিন থাকে না। তিনি সব সময়ই সিনেমার প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে ভাবেন। ভিএফএক্স থেকে শুরু করে ফ্রেমের সূক্ষ্ম অংশ পর্যন্ত সবকিছু নিয়েই তার গভীর মনোযোগ থাকে বলে মন্তব্য করেন তিনি।
অভিনেত্রী আরও জানান, এক আবেগঘন দৃশ্যের শুটিং চলাকালীন, যেখানে সালমান খানের উপস্থিতি প্রয়োজন ছিল না, তবুও তিনি শুধু সহশিল্পীকে সঠিক আবেগে রিঅ্যাকশন দেওয়ার জন্য সেটে উপস্থিত হন। চিত্রাঙ্গদার মতে, এই ধরনের দায়িত্ববোধই তাকে আলাদা করে তোলে।
সেটের পরিবেশ নিয়েও চিত্রাঙ্গদা প্রশংসা করেন সালমানের। তার ভাষায়, তিনি বড় তারকার মতো আচরণ না করে বরং টিমের সবার সঙ্গে খুব সহজভাবে মিশে যান। লাইট বয় থেকে শুরু করে পুরো ইউনিটের সঙ্গে তিনি আড্ডা দেন এবং চিৎকার-চেঁচামেচি করে কাজ করানোর বদলে আনন্দময় পরিবেশ বজায় রাখতে পছন্দ করেন।
চিত্রাঙ্গদা আরও জানান, সালমান তার টিমের প্রতিটি সদস্যের খেয়াল রাখেন। বিশেষ করে খাবারের বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ। নাস্তা থেকে শুরু করে দিনের সব খাবার সবাই ঠিকভাবে পাচ্ছে কি না, সেদিকে তার নজর থাকে সব সময়।
সব মিলিয়ে ‘মাতৃভূমি’ ছবির শুটিং অভিজ্ঞতা চিত্রাঙ্গদার জন্য শুধু কাজের সুযোগই নয়, বরং সালমান খানের ব্যক্তিত্ব, পেশাদারিত্ব এবং মানবিক দিক কাছ থেকে দেখার এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে।