রংপুরে সরকারি সার কালোবাজারি সংক্রান্ত ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, রোববার বিকেল ৪টার দিকে পান্ডারদিঘী এলাকা থেকে তারা গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—বিএডিসি কালিবাড়ি কেল্লাবন্দ সার গোডাউনের উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১), সার গুদামের শ্রমিক সর্দার আশরাফ ওরফে কাল্লু (৫৫), মাহিগঞ্জ নাছনেয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মমদেল হোসেন (৫২) এবং ডিমলা ধুমকাটিয়া এলাকার স্বদেশ কুমার রায়ের ছেলে লিটন কুমার রায় (৫০)।
পুলিশ জানায়, ১৯ জানুয়ারি পরশুরাম থানার গেটের সামনে অভিযান চালিয়ে ২১৪ বস্তা সরকারি সার ট্রাকে পরিবহন করার সময় চালক মানিক মিয়া (৪৮)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরশুরাম থানায় সার ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের হয়। এরপর মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সার কালোবাজারি সিন্ডিকেটের অপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে।











