
২০২৩ সালে বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলের মধ্যে ৫৫টিতে ধর্মকে কেন্দ্র করে সামাজিক সংঘাতের মাত্রা ছিল উচ্চ বা খুবই উচ্চ। এসব সংঘাতের মধ্যে ব্যক্তি, গোষ্ঠী ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে হয়রানি, হামলা এবং সংঘবদ্ধ সহিংসতার মতো ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। ২০২২ সালে এমন দেশের সংখ্যা ছিল ৪৫টি।
ধর্মকে ঘিরে সামাজিক সংঘাতের দিক থেকে ২০২৩ সালে সবচেয়ে বেশি মাত্রায় থাকা ছয়টি দেশ হলো—নাইজেরিয়া, ভারত, ইসরায়েল, সিরিয়া, বাংলাদেশ ও পাকিস্তান। জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ১৫ জুন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৩ সালে ইসরায়েল ও বাংলাদেশ সামাজিক সংঘাতের ‘খুবই উচ্চ’ শ্রেণিতে উঠে আসে। দুই দেশেই সংঘটিত বড় ধরনের সহিংসতার কারণে সূচকে তাদের অবস্থানের অবনতি হয়েছে। এসব ঘটনার মধ্যে ছিল ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা এবং ৩-৪ মার্চ বাংলাদেশের উত্তরাঞ্চলে আহমদিয়া সম্প্রদায়ের ওপর সংঘবদ্ধ হামলা ও সহিংসতা।
অন্যদিকে, ২০২৩ সালে বিশ্বের ৫৮টি দেশ ও অঞ্চলে ধর্মের ওপর সরকারি বিধিনিষেধের মাত্রা ছিল উচ্চ বা খুবই উচ্চ। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৫৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হয়নি। ২০২৩ সালে ২৫টি দেশে ধর্মের ওপর সরকারি বিধিনিষেধের মাত্রা ছিল ‘খুবই উচ্চ’। এসব দেশের মধ্যে রয়েছে চীন, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া ও উজবেকিস্তান।
তবে বিশ্বের অধিকাংশ দেশেই ধর্মকে কেন্দ্র করে সামাজিক সংঘাতের মাত্রা নিম্ন বা মাঝারি পর্যায়ে ছিল। একইভাবে অধিকাংশ দেশে ধর্মের ওপর সরকারি বিধিনিষেধও নিম্ন বা মাঝারি পর্যায়ে রয়েছে।
গবেষণাটি দুটি সূচকের ভিত্তিতে করা হয়েছে। এর একটি হলো সামাজিক সংঘাত সূচক বা সোশ্যাল হসটিলিটি ইনডেক্স (Social Hostilities Index–SHI)। এতে ধর্মকে কেন্দ্র করে ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের শত্রুতামূলক কর্মকাণ্ডের ১৩টি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডও রয়েছে।
অন্য সূচকটি হলো সরকারি বিধিনিষেধ সূচক বা গভর্নমেন্ট রেস্ট্রিকশনস ইনডেক্স (Government Restrictions Index–GRI)। সরকার, সরকারি কর্মকর্তা, আইন ও নীতির মাধ্যমে ধর্মের ওপর বিধিনিষেধ আরোপের ২০টি সূচক এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উভয় সূচকের স্কোর শূন্য থেকে ১০ পর্যন্ত নির্ধারণ করা হয়।
গবেষণায় যেসব দেশ অন্তত একটি সূচকে উচ্চ বা খুবই উচ্চ স্কোর করেছে, সেগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি বছরভিত্তিক পরিবর্তনও পর্যালোচনা করা হয়েছে—কোন দেশের অবস্থান উন্নত হয়েছে এবং কোন দেশের অবনতি ঘটেছে।
সামাজিক সংঘাত সূচক বা এসএইচআইয়ে ৭ দশমিক ২ থেকে ১০ পর্যন্ত স্কোরকে ‘খুবই উচ্চ’ এবং ৩ দশমিক ৬ থেকে ৭ দশমিক ১ পর্যন্ত স্কোরকে ‘উচ্চ’ হিসেবে বিবেচনা করা হয়।
২০২৩ সালে ধর্মকে কেন্দ্র করে সামাজিক সংঘাতের মাত্রা সবচেয়ে বেশি থাকা ছয় দেশ হলো নাইজেরিয়া, ভারত, ইসরায়েল, সিরিয়া, বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি দেশের স্কোর ছিল অন্তত ৭ দশমিক ৫, ফলে সবগুলো দেশই ‘খুবই উচ্চ’ শ্রেণিতে ছিল। এর আগের বছর ইসরায়েল ও বাংলাদেশ ‘উচ্চ’ শ্রেণিতে অবস্থান করেছিল।
বাংলাদেশের এসএইচআই স্কোর ২০২২ সালে ছিল ৬ দশমিক ১। ২০২৩ সালে তা বেড়ে ৭ দশমিক ৮-এ পৌঁছায়। এই বৃদ্ধির পেছনে ওই বছর সংঘবদ্ধ সহিংসতায় প্রাণহানির ঘটনাও ভূমিকা রেখেছে।
গত বছরের ৩ ও ৪ মার্চ উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার আহমেদনগর গ্রামে বার্ষিক সমাবেশ চলাকালে শত শত মানুষ আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা চালায়। এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই হামলায় ‘দুজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত’ হন। হামলাকারীরা বেশ কয়েকটি আহমদিয়া বাড়ি, একটি আহমদিয়া মসজিদ ও একটি চিকিৎসাকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর চালায়।
এর আগে একই বছরের শুরুতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের এক হিন্দু ব্যক্তির বাড়িতেও কয়েক শ মানুষ হামলা চালায়। ওই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে মহানবী মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। সেই পোস্টের প্রতিক্রিয়ায় হামলাটি চালানো হয়েছিল।