
ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়ালকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের পর বুধবার দুপুরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আটক রবিউল আওয়াল সাভারের কামাল গার্মেন্টস এলাকার ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শিশুটির আরবি পরীক্ষার ফল খারাপ হওয়ায় তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ। মেয়ের পড়াশোনার উন্নতির কথা বিবেচনা করে তার মা ওই প্রস্তাবে সম্মতি দেন। এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়াশোনা করত।
অভিযোগে বলা হয়েছে, আলাদাভাবে পড়ানোর সুযোগে অধ্যক্ষ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন। এ বিষয়ে কাউকে কিছু জানালে তাকে ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত সোমবার দুপুরেও নিজের কক্ষে শিশুটিকে একইভাবে আপত্তিকরভাবে স্পর্শ করেন অধ্যক্ষ। এতে শিশুটি আতঙ্কিত হয়ে কান্না শুরু করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীর মা জানান, ওই ঘটনার পর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তার মেয়ে কান্নাকাটি করছিল। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল বলেন, শয়তানের ধোঁকায় পড়ে তিনি এমনটি করে ফেলেছেন।
অন্যদিকে, অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম দাবি করেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন এবং শিশুটির মাকেও বিষয়টি জানিয়েছিলেন। তার স্বামী ওই শিশুকে বিয়ে করবেন বলেও তাকে জানিয়েছিলেন বলে জানান তিনি।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।