
পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ভোরের ঠান্ডা বাতাস ও রাতের নিম্ন তাপমাত্রায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। তবে দিনের বেলায় পরিস্থিতি একেবারেই ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। সকাল ও রাতের ঠান্ডা আর দিনের গরমের এমন বৈপরীত্যে আবহাওয়ার পরিবর্তন অনুভব করছেন জেলার বাসিন্দারা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার প্রকোপ বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কিছু এলাকায় দেখা যাচ্ছে কুয়াশাও। সন্ধ্যা নামার পর অনেকেই গরম কাপড় পরছেন। পাশাপাশি শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে পুরোনো লেপ ও কম্বল।
এদিকে আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের নানা সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। রোগীদের স্বজনদের ভাষ্য, শিশু ও বয়স্কদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যাচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এসব সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি বেড়েছে। এর মধ্যে পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতেই চিকিৎসার চেষ্টা করেছিলেন। পরে অবস্থার কারণে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।
হাবিব হাসান নামে আরেক ব্যক্তি বলেন, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এমন পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার পর চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন তিনি।
চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজন অনুযায়ী গরম কাপড় পরা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ক্রমেই কমছে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমার পাশাপাশি শীতের অনুভূতিও বাড়তে পারে।