
বাংলাদেশ ও সৌদি আরবের নৌ ও সামরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি।
সফরে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নৌবাহিনী প্রধানের।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশ ও সৌদি নৌবাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন তারা।
সৌদি আরবে অবস্থানকালে এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দেশটির বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
নৌবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সামরিক ও নৌ সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।