
মাগুরার মহম্মদপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চাল গোপনে বিক্রির অভিযোগে এক ডিলারকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ৪৩৪ কেজি চাল ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবি ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ না করে সরকারি বরাদ্দের চাল গোপনে বিক্রি করে দেন। পরে ইজিবাইকে করে চাল অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।
চাল ক্রেতা মো. ফারুক বিশ্বাস জানান, তিনি বাজারে বস্তা কিনতে গিয়ে চাল কেনার প্রস্তাব পান। পরে ৩০ টাকা কেজি দরে চাল কিনলেও সেটি সরকারি টিসিবির চাল ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির চাল, চিনি ও তেলসহ বিভিন্ন পণ্য গোপনে বিক্রি করে আসছিলেন। তারা ডিলারের লাইসেন্স বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, “গত মাসে জমে থাকা চাল বিক্রি করেছি।” সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকেই চাল নিতে চান না, তাই বিক্রি করেছি।”
সরেজমিনে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে ডিলারের ঘরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে টিসিবির চালের খালি বস্তা, চিনি ও তেল মজুত অবস্থায় দেখা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা মুহ. শাহনুর জামান জানান, ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।