
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সীমান্ত এলাকায় রহস্যজনক তিনটি ড্রোন লক্ষ্য করে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা। ড্রোনগুলোর উৎস কিংবা পরিচালনাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও বাড়িয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা আলো জ্বালানো অবস্থায় তিনটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা এ সময় সতর্ক অবস্থান নেন। একপর্যায়ে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের একটি ভিডিওতেও দেখা যায়, অন্ধকার আকাশের দিকে তাক করে গুলি ছুড়ছেন বিজিবি সদস্যরা। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর রহস্যজনক তিনটি ড্রোন উড়তে দেখা যায়। এরপর আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়।
তিনি বলেন, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসির নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার উদ্দেশ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি ছোড়ার পরপরই ড্রোনগুলো দ্রুত সেখান থেকে সরে গিয়ে দূরে চলে যায়।
পাহাড়ের বিরাজমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অদৃশ্য শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে ধারণা করছেন মেজর সাকিব ইসরাক অপূর্ব।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তবে ড্রোনগুলো ঠিক কোথা থেকে এসেছিল, কারা সেগুলো পরিচালনা করছিল কিংবা বিজিবির গুলিতে ড্রোনগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।