
বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নন; এ দেশের সব নাগরিকের পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ধর্ম যার যার, অধিকার সবার। ধর্মীয় বিভাজন তৈরি করে কাউকে দেশে অস্থিতিশীলতা ছড়াতে দেওয়া হবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নে একটি গ্রামীণ সড়ক পাকা করার কাজ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি জানান, সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ চলছে।
একই সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পর্যায়ক্রমে দিনাজপুর-৬ আসনের সব কাঁচা সড়ক পাকা করা হবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, কাউকে ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে না। কম্পিউটারভিত্তিক ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের তালিকা তৈরি করা হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।