
টলিউডের রুপালি পর্দায় একসময় দেব-শুভশ্রী ছিলেন দর্শকদের প্রিয় জুটি। পর্দার বাইরেও তাদের প্রেমের গল্প ছিল আলোচনায়। দীর্ঘদিন প্রেমের পর শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে, আর সেই স্মৃতিতেই এবার ফিরলেন অভিনেত্রী শুভশ্রী। জানালেন, সম্পর্ক ভাঙার পর একসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
জি বাংলার পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে শুভশ্রী শেয়ার করেন জীবনের সেই অন্ধকার সময়ের অভিজ্ঞতা। তিনি বলেন, “আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। ‘পরাণ যায় জ্বলিয়া রে…’ ছবির পর কাজ করাই বন্ধ করে দিই।”
কিন্তু যে সম্পর্কের জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন, সেটিও শেষ হয়ে যায়। তখনই জীবনের অনিশ্চয়তা উপলব্ধি করেন নায়িকা। শুভশ্রী বলেন, “সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।”
তবু সেই দুঃসময় তাকে হার মানাতে পারেনি। অভিনেত্রীর ভাষায়, “যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি হবে। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।”
ভালোবাসা নিয়ে তার বিশ্বাস আজও অটুট। তিনি বলেন, “আমি ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। খারাপ অভিজ্ঞতা হলেও ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। পৃথিবীর সব মানুষই ভালোবাসার খোঁজে আসে। পেশা, টাকা—সব কিছু পরে আসে। ভালোবাসা থাকলে সবটাই সহজ হয়ে যায়।”
বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে তার এখন সুখের পরিপূর্ণতা। এর মধ্যেই প্রাক্তন দেবের সঙ্গে ‘ধুমকেতু’ ছবিতে ফের পর্দা ভাগ করছেন এই অভিনেত্রী।