
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।
সরকারি হিসাব অনুযায়ী, মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৫০৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়সীমায় পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৫৯ হাজার ১০৬ জন।
হামের পরিস্থিতি নিয়ে চলমান এই পরিসংখ্যান জনস্বাস্থ্যে উদ্বেগ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।