
দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সব স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং গবেষণায় প্রণোদনা বাড়ানোর বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য আবাসিক হলের সংখ্যা তুলনামূলক কম। এতে ছাত্রীদের আবাসনসংকট আরও বাড়ছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়টি তাঁর মতো সাবেক শিক্ষার্থীদের কাছে গর্বের প্রতিষ্ঠান। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এ বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
দেশের উচ্চশিক্ষার বর্তমান মান নিয়ে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু করায় শিক্ষার মান ব্যাহত হচ্ছে।
তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। এসব উদ্যোগের মাধ্যমে সমন্বিত ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।