
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে নিজের প্রথম সিনেমায় কাজ করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিনেমার অগ্রগতি এবং শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিশা।
তানজিন তিশা জানান, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে শিডিউল জটিলতার কারণে বাকি ২০ শতাংশ কাজ এখনো আটকে আছে।
তিনি বলেন, “আমি প্রায় এক মাস আম্মুকে নিয়ে দেশের বাইরে ছিলাম। তবে সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। সামহাউ আমাদের ডেটের সমস্যার কারণে আরও ২০ শতাংশ কাজ বাকি রয়েছে।”
তিনি আরও জানান, সিনেমার মূল অংশ অর্থাৎ গানগুলোর শুটিং এখনো হয়নি।
“এটা আমার জীবনের প্রথম বড় পর্দার কাজ। ভক্তদেরও অনেক চাওয়া ছিল, তাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেদিন সবার ডেট মিলবে, সেদিনই গানগুলোর শুটিং শেষ করা যাবে,” বলেন তিনি।
মুক্তির সময়সূচি প্রসঙ্গে তিশা বলেন, ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা কম।
“ঈদে আসার সম্ভাবনা আমার মনে হয় নেই। আমার অন্য প্ল্যান আছে, শাকিব ভাইয়ারও আলাদা পরিকল্পনা রয়েছে। যেহেতু ডেট মিলছে না, তাই গানগুলো শেষ করে ঈদে মুক্তি দেওয়া সম্ভব নয়। আশা করছি, ইনশাল্লাহ কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।”
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিশা বলেন, বিষয়টি তার জন্য বেশ চমকপ্রদ ছিল। শাকিবের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন,
“শাকিব ভাইয়া একজন ভীষণ প্রফেশনাল আর্টিস্ট। দূর থেকে আমরা অনেক কিছু বলি, কারণ বলতে ভালো লাগে। কিন্তু কাছ থেকে দেখলে বিষয়টি একদম উল্টো। আমি ভাবিনি তিনি কাজের ব্যাপারে এতটা সিরিয়াস হবেন। কিন্তু দেখেছি, কাজ নিয়ে তার সিরিয়াসনেস অনেক বেশি।”