
দেশের পাঁচটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে দুটি কলেজের নামকরণ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে। এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।
জারি করা চিঠি অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজ-এর নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ’, নাজিরপুর, পিরোজপুর। একইভাবে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ-এর নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ’, চরফ্যাশন, ভোলা রাখা হয়েছে।
অন্য একটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ-এর নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ’, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে।
এ ছাড়া একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ-এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্দেশক্রমে সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। চিঠিগুলোতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।