
জামায়াতে ইসলামীর লং মার্চ কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, দলটির আমির সংসদে দাঁড়িয়ে নিজেই জ্বালানি সংকটকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করেছেন। তাহলে এই সংকটকে পুঁজি করে আবার লং মার্চ করা হচ্ছে কেন? লং মার্চের মধ্য দিয়ে জামায়াত জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা এম কে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান।
গুলশানে ঝটিকা মিছিলের প্রসঙ্গে তিনি বলেন, যারা সেখানে ঝটিকা মিছিল করেছে, তাদের অনেককেই ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনার ফাঁদে পা দিয়েন না। তিনি কখনই আর দেশে ফিরতে পারবেন না।’
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মারা গেলে তার লাশও দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কেউ নেই। আওয়ামী লীগের নেতারা কেউ দেশেই আসতে পারবে না। আওয়ামী লীগ এখন পচে-গলে ধ্বংস হয়ে গেছে। দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।’
সার সংকট ও কৃষকদের ভোগান্তির বিষয়ে রাশেদ খান বলেন, দেশে কোনো সার সংকট নেই। ডিলাররা কৃত্রিমভাবে সার মজুত করে সংকট দেখানোর চেষ্টা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরে কারা সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন, তা সবাই জানেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহসভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।