
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই ইউনিট মিলিয়ে রেকর্ড ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে এত বেশি বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দুই ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
আনোয়ারুল আজিম জানান, প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। দুই ইউনিটের মোট উৎপাদন দাঁড়িয়েছে ১ হাজার ৩২১ মেগাওয়াট।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালে। পরে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) একটি চুক্তি সই করে।
চুক্তির ভিত্তিতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।