
রাতে পড়াশোনার অভ্যাস গড়ে তোলা, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইভটিজিং ও ‘র্যাগ ডে’ ঘিরে বিশৃঙ্খলা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব কর্মসূচি বাস্তবায়নে নেওয়া উদ্যোগের অগ্রগতি জানিয়ে আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের প্রকাশিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেওয়া পদক্ষেপের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও বিষয়ভিত্তিক গান প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতেও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী কী পদক্ষেপ নিয়েছে, প্রতিবেদনে তার বিস্তারিত তুলে ধরতে হবে। এর মধ্যে থাকবে মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও বিষয়ভিত্তিক গান প্রদর্শন, প্রচারসামগ্রী বিতরণ, ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠন, সভা-সেমিনার আয়োজন এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের তথ্য। এ ছাড়া শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় আগ্রহী করতে নেওয়া উদ্যোগের বিবরণও দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলের অধীন জেলা ও উপজেলাভিত্তিক তথ্য একত্র করে নির্ধারিত ছকে বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করতে হবে।
প্রতিবেদন পাঠানোর শেষ সময় আগামী ২৬ অক্টোবর। এ জন্য নির্ধারিত তথ্য সংযুক্ত করে [email protected] ঠিকানায় ই-মেইল পাঠাতে বলা হয়েছে।