
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মেজবাহ জানান, শাহনেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে যুবকটির মাথায় তিন রাউন্ড, বাম হাতে এক রাউন্ড এবং বগলের নিচে আরও একটি গুলি করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নিহত ব্যক্তির মাথা ও বগলে গুলির চিহ্ন পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে ঘটনার পর শাহনেওয়াজ হল ও আশপাশের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্যার এ এফ রহমান হলের জিএস হাবিব উল্লাহ হাবিব বলেন, শাহনেওয়াজ হল এলাকায় প্রায়ই বহিরাগতদের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিরাপত্তা জোরদার ও সিসিটিভি স্থাপনের দাবি বহুবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, ঘটনাস্থলে কোনো সিসিটিভি না থাকায় তদন্তেও জটিলতা তৈরি হতে পারে।