
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাঙামাটি জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এই সময়ে সাজেক ভ্যালির সব পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ এবং ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রাঙামাটি জেলায় চলাচলের সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।