
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মিল্টনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিযুক্ত প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ও ক্ষমতা বাস্তবায়ন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। সরকার জানিয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিএনপি নেতা। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোহাম্মদ এজাজকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেন।