
একটি টিকিট, আর তার মূল্য প্রায় ৩৯ হাজার টাকা! লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে দেখতে হলে সমর্থকদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচের টিকিটের দাম প্রকাশ হতেই শুরু হয়েছে আলোচনা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে কম দামের টিকিট ৯০ হাজার আর্জেন্টাইন পেসো। ১৮ সেপ্টেম্বরের বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ হাজার ৩০০ টাকা। আর সবচেয়ে দামি টিকিটের মূল্য ৪ লাখ ৮০ হাজার পেসো—প্রায় ৩৮ হাজার ৯০০ টাকা।
অর্থাৎ, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হতে গ্যালারিতে বসার জন্য আসনভেদে খরচ করতে হবে প্রায় ৭ হাজার থেকে ৩৯ হাজার টাকা।
শুধু বড়দের জন্য নয়, শিশুদের জন্যও থাকছে আলাদা টিকিট। ৩ থেকে ১০ বছর বয়সীদের জন্য জনপ্রিয় গ্যালারির টিকিটের দাম ২৯ হাজার পেসো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪০০ টাকা।
ভালো আসনের জন্য খরচও বাড়বে। সিভোরি ও সেন্টেনারিওর আপার স্ট্যান্ডের টিকিট ১ লাখ ৮০ হাজার পেসো বা প্রায় ১৪ হাজার ৬০০ টাকা। মিডল স্ট্যান্ডে বসতে লাগবে ৩ লাখ ২০ হাজার পেসো, যা প্রায় ২৬ হাজার টাকা। সান মার্টিন ও বেলগ্রানোর আপার স্ট্যান্ডেও একই দাম নির্ধারণ করা হয়েছে।
লোয়ার স্ট্যান্ডের টিকিটের দাম ৪ লাখ ৫০ হাজার পেসো বা প্রায় ৩৬ হাজার ৫০০ টাকা। আর সবচেয়ে দামি সান মার্টিন ও বেলগ্রানোর মিডল স্ট্যান্ড—৪ লাখ ৮০ হাজার পেসো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৯০০ টাকা।
৮৫ হাজার দর্শকের ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে সেদিনের ম্যাচটি ঘিরে তাই আগ্রহের কমতি নেই। বিশ্বকাপজয়ী মেসির জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার সম্ভাব্য ম্যাচ হওয়ায় এটি আর্জেন্টিনার সমর্থকদের কাছে হয়ে উঠতে যাচ্ছে বিশেষ এক রাত।
বিদায়ের আগে অবশ্য আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তবে এই দুই ম্যাচকে ছাপিয়ে সমর্থকদের নজর এখন ৬ অক্টোবরের দিকে। বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে পারে মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ মঞ্চ।
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। টিকিট বিক্রি শুরুর পর থেকেই মনুমেন্টালের আসন পূরণে শুরু হবে দৌড়।
যে মানুষটি বছরের পর বছর মাঠে নেমেছেন গোল করতে, ম্যাচ জেতাতে এবং ট্রফি এনে দিতে—সেই মেসিই এবার নামবেন বিদায়ের জন্য। আর তাকে শেষবার নীল-সাদা জার্সিতে দেখতে সমর্থকদের খরচ করতে হবে প্রায় ৩৯ হাজার টাকা পর্যন্ত।