
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার রাত ৯টার দিকে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের সার্বিক পরামর্শ ও অনুমোদন পাওয়ার পরই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন।
গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতার করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। ওই রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষ মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়।
এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।
পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা এবং প্রয়োজনীয় ফিজিওথেরাপির জন্য ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে এতদিন তাঁর ফিজিওথেরাপি চলছিল।