
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘ সময় জনসম্মুখের বাইরে থাকা এই সাবেক ক্রিকেটারের একটি আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফির বাবা গোলাম মুর্তজা জানান, নড়াইলের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন সাবেক এই অধিনায়ক। সেই সময় বাবাকে উদ্দেশ করে মাশরাফি বলেছিলেন, ‘আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ো না।’
গোলাম মুর্তজার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটাই বদলে গেছেন মাশরাফি। একসময় মাঠ ও মাঠের বাইরে প্রাণবন্ত স্বভাবের জন্য পরিচিত এই ক্রিকেটার এখন অনেকটাই নীরব জীবন কাটাচ্ছেন।
তিনি বলেন, ‘ভালো নেই মাশরাফিরা। এক ধরনের জেলখানায় অন্তরিন আছে ২ বছরের মতো।’ তিনি আরও বলেন, ‘মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। কথা হয়, খুব কম কথা হয়। সেই হাসিখুশি মাশরাফি আর নেই। সে খুব আঘাত পেয়েছে।’
সাক্ষাৎকারে পরিবারের আর্থিক অবস্থার বিষয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি দাবি করেন, তাদের পরিবার কখনো অনিয়ম বা অবৈধ সুবিধার সঙ্গে জড়িত ছিল না।
তার ভাষায়, ‘আমাদের নগদ টাকা-পয়সা কখনোই তেমন ছিল না। আমরা ধান্দাবাজি করে চলিনি। জমি-জমা ও খামার নিয়েই জীবন চলে। কেউ বলতে পারবে না, আমি বা আমার পরিবারের কেউ কোনো অনিয়মের সঙ্গে জড়িত।’
আরেক জায়গায় তিনি বলেন, ‘খুবই করুণ অবস্থা। একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা-পয়সা নাইও, ছিলও না।’
বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক দীর্ঘ সময় জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। মাঠের লড়াকু মানসিকতা ও নেতৃত্বগুণের কারণে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে পরিচিতি পাওয়া মাশরাফি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি অনেকটাই আড়ালে চলে যান।