
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে সহিংস বিক্ষোভে রক্ত ঝরেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
আল জাজিরা ও পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার ১ মার্চ বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় বিক্ষোভকারীরা সমবেত হন। তারা এম টি খান রোডে কনস্যুলেটের সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালান এবং পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সহিংসতায় ছয়জন নিহত হন।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও রেঞ্জার্সসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। জননিরাপত্তা নিশ্চিত ও সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না। পাশাপাশি প্রদেশজুড়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেন তিনি।
সূত্র: আল জাজিরা, জিও নিউজ