
মাগুরার শ্রীপুরে স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নেয়, যেখানে জুমার নামাজের পর একটি মসজিদের ভেতরে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহতসহ আরও কয়েকজন জখম হয়েছেন।
শুক্রবার (১ মে) দুপুরে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চরজোকা গ্রামে দুটি প্রভাবশালী পক্ষের নেতৃত্বে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু এবং একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলু। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার দুপুর দেড়টার দিকে, যখন লাল্টু শেখ নামে এক কৃষককে ক্ষেতে একা পেয়ে দুলু পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয় চিকিৎসার জন্য।
এরপর আহত লাল্টু শেখের পক্ষ নিয়ে সাচ্চু গ্রুপের লোকজন চরজোকা পশ্চিমপাড়া মসজিদের সামনে জড়ো হয়। জুমার নামাজ শেষ হওয়ার পরও তারা দা ও লাঠিসোটা নিয়ে সেখানে অবস্থান নেয়, যার ফলে দুলু সমর্থিত লোকজন মসজিদের ভেতরে অবস্থান করতে বাধ্য হয়। একপর্যায়ে মসজিদের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলে, হামলাকারীরা দেয়ালের একটি অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ রয়েছে।
মসজিদের ভেতরে ঢুকে হামলার সময় মোক্তার শেখ, দুলাল মণ্ডল ও রেজাউল শেখ গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মিনহাজুল ইসলাম সাচ্চু দাবি করেন, দুলু গ্রুপের লোকজন প্রায়ই তাদের ওপর হামলা চালায়। লাল্টু শেখকে কুপিয়ে জখম করার পর মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। তার ভাষ্য, এ সময় কেউ বাইরে থেকে আহত হয়ে মসজিদের ভেতরে আশ্রয় নিতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
অন্যদিকে, হাবিবুর রহমান দুলু অভিযোগ করেন, প্রতিপক্ষ পূর্বপরিকল্পিতভাবে মসজিদে ঢুকে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, সামাজিক বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।