
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভবিষ্যতে ভারত কোনো ধরনের ‘দুঃসাহস’ দেখালে দেশটি ইতিহাসে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এমন পরিস্থিতিতে ভারতের ভূগোলও পরিবর্তিত হতে পারে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, সোমবার (১৮ মে) জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
খাজা আসিফ বলেন, একটি জাতি হিসেবে ভারত মনে করছে তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তবে পাকিস্তান যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, গত বছরের ২২ এপ্রিল পাহেলগাম হামলার পর শুরু হওয়া সামরিক উত্তেজনার সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক জবাব’ দিয়েছে।
সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। খাজা আসিফ দাবি করেন, ভারতীয় সেনাপ্রধান উস্কানিমূলক বক্তব্য দিয়ে হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
তিনি বলেন, “ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হতে চায়।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে পাকিস্তান আঞ্চলিকভাবে উচ্চ মর্যাদাসম্পন্ন অবস্থানে রয়েছে।
এদিকে ইসরায়েল ও ভারতের সম্ভাব্য সমন্বয় নিয়ে এক প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, দুই দেশের উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে পারে। তার ভাষ্য, ইসরায়েল চায় না এই অঞ্চলে ভারত ছাড়া অন্য কোনো শক্তি বেশি প্রভাবশালী হয়ে উঠুক।