
ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’-র উপর হামলার ঘটনায় উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
শনিবার (১৪ মার্চ) এ কথা জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে মেজর জেনারেল হাতামি বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষে ইরানে ফিরে আসছিল। তখন সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালানো হয়, যার ফলে শতাধিক ক্রু নিহত হয়েছে। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।”
তিনি আরও বলেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় এবং নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
ঘটনার পটভূমি হলো, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। এই মহড়ায় ৭০টিরও বেশি দেশ অংশ নেয়, যার মধ্যে ইরানও ছিল। ইরানের নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-কে মহড়ায় পাঠায়।
মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনী টর্পেডো হামলা চালিয়ে আইআরআইএস দেনা ধ্বংস করে। জাহাজে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। শুক্রবার (১৩ মার্চ) এসব মরদেহ কলম্বো থেকে তেহরানে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র: আলজাজিরা