
বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন ভারতের টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। বিভিন্ন বিশেষ দিনে একসঙ্গে ছবি ও ভিডিওতে দেখা যায় তাদের। দীর্ঘদিনের এই সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো।
তবে এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। তার সাফ কথা, শুধু বয়স হয়ে গেছে বলেই বিয়ে করতে হবে—এমনটা তিনি মনে করেন না।
খুব শিগগির বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে অভিনেত্রীর বিয়ের প্রসঙ্গ।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল, চলতি বছরের শেষেই বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৌশানি। এ বিষয়ে জানতে চাইলে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
কৌশানি বলেন, ‘প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বয়স বা জৈবিক সময়ের কথা ভেবে আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’
বিয়ে নিয়ে পরিবারেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। তার বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের কাছ থেকে বকা খাওয়ার ভয়ে অনেক সময় আবার চুপ করে যান।
অন্য অনেক বাবার মতো কৌশানির বাবারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তিনিও।