
একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে শেষ বিদায় জানানো হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মরদেহে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্র ও প্রশাসনের প্রতিনিধিরা ফুলমতির মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
৮৪ বছর বয়সে মৃত্যু
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান রাজকুমারী রবিদাস ফুলমতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি।
৪৫ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি
দীর্ঘ প্রায় ৪৫ বছর অপেক্ষার পর ২০১৬ সালের মার্চে সরকার রাজকুমারী রবিদাস ফুলমতিকে আনুষ্ঠানিকভাবে ‘বীরাঙ্গনা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়।
জীবনের শেষ কয়েক বছর নানা বার্ধক্যজনিত জটিলতায় কাটে তার। প্রায় দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার ডান হাত ও পা অবশ হয়ে যায়। এরপর থেকে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছিলেন এই বীরাঙ্গনা।