
বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের এক ইলিশ—ওজন প্রায় দুই কেজির ওজনের মাছটি বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছটি ধরা পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হরিণঘাটা এলাকার জেলে রাসেল হোসেন নদীতে জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পর জাল তুললে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ।
পরে মাছটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘মুন্নি ফিশ’ নামের একটি আড়ত প্রথমে মাছটি ৮ হাজার ৫০০ টাকায় কিনে নেয়। এরপর ব্যবসায়ীদের মধ্যে খোলা ডাকে দর বাড়তে থাকলে শেষ পর্যন্ত ৯ হাজার টাকায় এটি কিনে নেন জাকির হোসেন নামের এক ব্যবসায়ী।
ক্রেতা জাকির হোসেন জানান, বড় আকারের হওয়ায় তিনি মাছটি কিনেছেন বিক্রির উদ্দেশ্যে। মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে, যেখানে আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।