
বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানি কর্মকর্তাদের হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। এর প্রভাবে ব্রেন্ট ক্রুড ও ইউএস অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।
দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৯০ ডলার ৩৮ সেন্টে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে ওয়াশিংটন।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়।
বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এ প্রণালিতে যেকোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।
সূত্র: আল–জাজিরা