
মানুষের ভাষায় সবচেয়ে অবহেলিত প্রাণীগুলোর তালিকা করলে গাধা নিঃসন্দেহে উপরের দিকেই থাকবে। স্কুলে অঙ্ক না পারলে ‘গাধা’, অফিসে ভুল করলে ‘গাধা’, এমনকি ধীরগতিতে হাঁটলেও শুনতে হয় একই উপাধি। অথচ যে প্রাণীটিকে নিয়ে এত ঠাট্টা, হাজার বছর ধরে মানুষের বোঝা টেনে সভ্যতার চাকা ঘোরাতে সেই গাধাই নীরবে কাজ করে গেছে। সেই অবহেলিত প্রাণীটিকেই এবার একটু সম্মান জানানোর দিন। শুক্রবার (৮ মে) পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস।
শুনতে হাস্যকর লাগলেও দিবসটি কিন্তু একেবারেই সিরিয়াস উদ্দেশ্যে চালু হয়েছিল। মরুভূমির প্রাণী নিয়ে গবেষণা করা প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক প্রথম উপলব্ধি করেন, মানুষ গাধার শ্রম ব্যবহার করলেও প্রাণীটি কোনো স্বীকৃতি পায় না। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে গাধাকে নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেন তিনি। ফেসবুকে গাধাবিষয়ক তথ্যভিত্তিক একটি গ্রুপ চালু করেন, যেখানে নিয়মিত প্রাণীটির উপকারিতা ও ইতিহাস তুলে ধরা হতো।
সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব গাধা দিবস। এরপর থেকে প্রতি বছর ৮ মে দিবসটি পালন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, ‘গাধা’ শব্দটিকে শুধু গালি হিসেবে না দেখে প্রাণীটির বাস্তব অবদান মনে করিয়ে দেওয়া।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সভ্যতার শুরু থেকেই মানুষের অন্যতম নির্ভরযোগ্য সঙ্গী ছিল গাধা। মরুভূমিতে পানি বহন থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে রসদ টানা, পাহাড়ি পথে মালামাল পরিবহন কিংবা কৃষিকাজ, সবখানেই ছিল তাদের নীরব উপস্থিতি। ঘোড়া যেখানে ক্লান্ত, সেখানে গাধা দিব্যি ধীরেসুস্থে কাজ চালিয়ে গেছে। তাই অনেক ইতিহাসবিদ মজা করে বলেন, ‘মানুষের সভ্যতা হয়তো ঘোড়ায় চড়ে এগিয়েছে, কিন্তু টিকে ছিল গাধার কাঁধে।’
এখনো বিশ্বের বহু দেশে পরিবহন, নির্মাণ ও কৃষিকাজে গাধা ব্যবহৃত হয়। বিশেষ করে দুর্গম এলাকায় এ প্রাণীর গুরুত্ব অনেক বেশি। তবে আধুনিক যন্ত্রপাতির যুগে ধীরে ধীরে কমছে গাধার ব্যবহার, আর তার সঙ্গে বাড়ছে অবহেলাও।
তথ্য বলছে, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি গাধা রয়েছে চীনে। দেশটিতে গাধার চামড়ার নিচে থাকা বিশেষ ধরনের জেলাটিনজাতীয় উপাদান ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। অ্যাজমা, অনিদ্রাসহ বিভিন্ন রোগের চিকিৎসায় সেই উপাদান ব্যবহারের দাবি রয়েছে। তবে এই শিল্পের কারণে দেশটিতে দ্রুত কমছে গাধার সংখ্যা নিয়েও উদ্বেগ বাড়ছে।
মজার ব্যাপার হলো, বছরের বাকি ৩৬৪ দিন ‘গাধা’ বলে মানুষকে অপমান করা হলেও আজকের দিনটিতে সেই গাধাই সম্মানিত অতিথি। তাই আজ কাউকে গাধা বলার আগে অন্তত একবার ভাবতেই পারেন, প্রাণীটা কিন্তু আপনার চেয়েও বেশি পরিশ্রমী!