
দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে সৃষ্ট বিতর্কের পর দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সবার কাছেও দুঃখ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় নিজান জানান, পূজামণ্ডপে দেওয়া তাঁর বক্তব্যের কয়েকটি অংশ নিয়ে বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তাঁর নজরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্ম, বিরোধী দলের নেতা এবং সব শুভাকাঙ্ক্ষীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার বক্তব্যের যে অংশটুকু ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দিয়েছে, সে অংশের জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।’
বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। সেখানে অবস্থান করে তিনি নিজের ঈমান আরও দৃঢ় ও মজবুত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পবিত্র স্থানে এসে আমি কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমার ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করেন।’
ভবিষ্যতেও সবার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে মহান আল্লাহর সাহায্য চেয়েছেন হুইপ নিজান। একই সঙ্গে এ উদ্দেশ্যে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।