
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) শীর্ষ পদে আসছেন অভিজ্ঞ ব্যাংকার মেহের সুলতানা। তাকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২৬ আগস্ট) রাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই মেহের সুলতানার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
দীর্ঘদিন ধরে ব্যাংকিং ও আর্থিক খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে মেহের সুলতানার। কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি হওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (পরিচালন) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১৭ নভেম্বর ডিএমডি পদে পদোন্নতি পাওয়ার পর তিনি কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মেহের সুলতানা। ১৯৯৬ সালে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু হয়।
বিএইচবিএফসিতে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সদর দপ্তরের বিভিন্ন বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
পেশাগত জীবনে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিয়েছেন মেহের সুলতানা।
দেশের আবাসন খাতে ঋণ ও আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। মেহের সুলতানার নতুন দায়িত্বে যোগদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমে তার দীর্ঘ ব্যাংকিং ও আর্থিক খাতের অভিজ্ঞতা কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।