
ম্যানচেস্টার সিটির পর এবার বার্সেলোনাকেও হারিয়ে নিজেদের শক্তির জানান দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমে অপরাজিত থাকা স্প্যানিশ ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়ে উচ্ছ্বসিত ফরাসি দলটি। জয়ের পর আত্মবিশ্বাসী পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমির দাবি, বর্তমান সময়ে তাঁর দলই বিশ্বের অন্যতম সেরা, এমনকি সেরা দলও হতে পারে।
ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’
বার্সেলোনার বিপক্ষে ম্যাচের কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন মরক্কোর এই ডিফেন্ডার। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে তিনি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’
ম্যাচে বার্সেলোনা দুবার ঘুরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় লুইস এনরিকের দল। হাকিমির মতে, পিএসজির খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও মাঠের নৈপুণ্যই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দলের মধ্যে জয়ের ক্ষুধা ও সঠিক মানসিকতা ধরে রাখতে কোচ লুইস এনরিকের ভূমিকার কথাও উল্লেখ করেন হাকিমি। তাঁর ভাষ্য, খেলোয়াড়দের প্রতিদিন অনুপ্রাণিত করা এবং জয়ের মানসিকতা ধরে রাখতে কোচ নিয়মিত কাজ করে যাচ্ছেন।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ই পিএসজির অন্যতম প্রধান লক্ষ্য। বার্সেলোনার বিপক্ষে বড় জয়ের পর সেই লক্ষ্য পূরণের পথে ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ জানিয়েছেন হাকিমি।