
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে প্রচলিত পণ্যের পাশাপাশি কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে জমি বরাদ্দ, বিনিয়োগের অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদনে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে তৈরি পোশাক খাতে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
এ সময় বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরে উভয় পক্ষ। চুক্তিটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাপানি প্রতিনিধিদলে ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।