
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ছাড়াই মাঠে নামবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে দলটির নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।
আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন হ্যামিল্টন। নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই বাঁহাতি এই পেসার সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। তাই তাকে শুধু টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে।
পিঠের চোটের কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ড—দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার ডারসি ব্রাউন। অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) কোনো এক পর্যায়ে তিনি ফিরতে পারেন বলে আশা করছে অস্ট্রেলিয়া।
এদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও এবারের স্কোয়াডে জায়গা পাননি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় একই দল নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
অ্যালান বর্ডার ফিল্ডে ছয় দিনের মধ্যে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে আপাতত ১২ জন ক্রিকেটার রয়েছেন। নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে আরও একজন ক্রিকেটার দলে যুক্ত হতে পারেন বলে জানিয়েছেন ফ্লেগলার।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:
নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।