
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (চিফ ইকোনমিস্ট) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক অফিস নির্দেশে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ১ জুলাই ড. মোহাম্মদ আক্তার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত অফিস নির্দেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
তবে ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে অফিস নির্দেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণ, অর্থনৈতিক বিশ্লেষণ, মূল্যস্ফীতি, মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নে চিফ ইকোনমিস্টের পদটি গুরুত্বপূর্ণ। ফলে এ পদে নিয়োগের মেয়াদ বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।