
আগামী ২ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে নতুনত্ব আর চমকের মিশেলে একসঙ্গে সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ মুখ, আবার ফিরেছেন অভিজ্ঞরাও।
স্কোয়াড ঘোষণার আগে থেকেই আলোচনা ছিল দলে কারা থাকছেন, কারা বাদ পড়ছেন। শেষ পর্যন্ত চারজন নতুন ক্রিকেটারকে জাতীয় দলে জায়গা দেওয়া হয়েছে। তারা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বর্তমানে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির লাল বলের ক্যাম্পে অনুশীলন করছেন। পাশাপাশি পিএসএলে খেলা খেলোয়াড়রাও দলে রয়েছেন, যারা টুর্নামেন্ট শেষ করে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
সফরের আগে করাচিতে বিশেষ প্রস্তুতি ক্যাম্প হবে পাকিস্তান দলের। আগামী ২৭ এপ্রিল শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প। এরপর ২ মে বাংলাদেশে রওনা দেবে দল। পিএসএলের ফাইনালে কোনো ক্রিকেটার থাকলে তারা টুর্নামেন্ট শেষে সরাসরি বাংলাদেশে পৌঁছাবেন।
এই সিরিজে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, আর বোলিং কোচ হিসেবে থাকছেন উমর গুল। হেড কোচের দায়িত্বে আছেন সাবেক উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ, যিনি নতুনভাবে কোচিং দায়িত্বে দলকে নেতৃত্ব দিচ্ছেন। দলের নেতৃত্বে রাখা হয়েছে শান মাসুদকে।
বাংলাদেশ সফরের ম্যাচ সূচি অনুযায়ী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডে আছেন শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।
অভিজ্ঞতা আর নতুনদের মিশেলে সাজানো এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শিবির।