
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন কি না, তা ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। একটি ছবি প্রকাশের পর থেকেই তার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা আরও জোরালো হয়ে ওঠে।
ছবিতে দেখা যায়, তার মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে একটি প্রেগন্যান্সি কিট, আর সেই মুহূর্তের ছবিই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই ছবির সঙ্গে সরাসরি কোনো বার্তা দেননি দীপিকা। তবে ছবির ভঙ্গি ও ইঙ্গিতই ভক্তদের মধ্যে নতুন করে গুঞ্জন ছড়িয়ে দেয়।
অনেকেই ধরে নেন, এ ছবির মাধ্যমেই তিনি দ্বিতীয়বার মা হওয়ার খবর আকারে ইঙ্গিত দিয়েছেন। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে এবং শুভেচ্ছার বন্যা বইতে থাকে মন্তব্যের ঘরে।
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে পরিণীতি চোপড়া মন্তব্য করেন ‘কনগ্রেটস’। একই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করেন স্বামী রণবীর সিংও। কিয়ারা আদভানিসহ আরও অনেক তারকাও এ তারকা দম্পতিকে শুভেচ্ছা জানান।
এর আগে একাধিক সাক্ষাৎকারে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন দীপিকা। প্রথম সন্তান দুয়ার জন্মের সময় নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল বলেও জানান তিনি। সন্তান জন্মের পর ধীরে ধীরে কাজে ফিরলেও পরিবারকেই বেশি সময় দিচ্ছেন বলে বিভিন্ন সময় ইঙ্গিত মিলেছে।
২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান দুয়া। এবার দ্বিতীয় সন্তানের ইঙ্গিত ঘিরে আবারও বলিপাড়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে।