
বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আসাদুল্লাহ (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। বৈরী আবহাওয়ার মধ্যেই সাগরে নামার পর প্রবল ঢেউ ও স্রোতে তিনি তলিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আসাদুল্লাহ আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি বেড়াতে এসেছিলেন তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তার ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আসাদুল্লাহ, তার ভগ্নিপতি শাওনসহ মোট পাঁচজন শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের তীব্র ঢেউ ও প্রবল স্রোতে আসাদুল্লাহ নিখোঁজ হন। তার সঙ্গে থাকা অন্য চারজন নিরাপদে তীরে ফিরতে পারলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একই সঙ্গে স্থানীয় জেলে ও এলাকাবাসীও নিজ উদ্যোগে নিখোঁজ তরুণকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “এখনো নিখোঁজ হওয়া তরুণকে পাওয়া যায়নি। তবে আমাদের ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।”