
দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতির স্থবিরতা কাটাতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ১৭টি ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রণোদনা তহবিলে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
এর আগে গত ২৩ মে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
প্যাকেজের মোট অর্থের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অবশিষ্ট ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে।
প্রণোদনা প্যাকেজের সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য। এ খাতে ২০ হাজার কোটি টাকা রাখা হয়েছে। এই তহবিল থেকে বেসরকারি উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রণোদনা প্যাকেজ ঘোষণার সময় আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এটিকে ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি হিসেবে উল্লেখ করেছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, বন্ধ ও অচল শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনে ফিরলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেসরকারি বিনিয়োগও বাড়বে। এর ফলে দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে দেশে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি তৈরি হবে।