
মাহমুদুল হাসান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি’র স্থলাভিষিক্ত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মাহমুদুল হাসান। মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনী-র পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং অপারেশনাল ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেছেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ-এর একজন গ্র্যাজুয়েট।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক হিসেবে তিনি অগ্নিনির্বাপণ কার্যক্রম, উদ্ধার অভিযান এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম তদারকি করবেন বলে জানা গেছে।
